চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মোবাইল ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (৬ জুলাই) সকালে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজি জয়নব কোম্পানির বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল চুরির সন্দেহে স্থানীয় লোকজন অজ্ঞাতনামা এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দুপুর ১টার দিকে তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তাকে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিদের তথ্য অনুযায়ী, তার নাম জাবেদ এবং তার বাড়ি ফটিকছড়ি উপজেলায়। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার জানান, গণপিটুনির শিকার এক ব্যক্তিকে দুপুর ১টার দিকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা পুলিশকে অবহিত করি। পরে পুলিশ তাদের আইনগত ব্যবস্থার নেয়।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, মোবাইল চুরির সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমআর/বিআরইউ
