বিজ্ঞাপন

বিশ্বকাপ খেলা দেখা দ্বন্দ্বে বিএনপি নেতা হত্যা, গ্রেপ্তার আরও ১

বিশ্বকাপ খেলা দেখা দ্বন্দ্বে বিএনপি নেতা হত্যা, গ্রেপ্তার আরও ১

রাজধানীর নবোদয় এলাকায় জাপান এবং ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বিরোধের জেরে বিএনপি নেতা মো. আবুল বাশার বাদশাকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রোববার (৫ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত আদাবরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বিএনপি নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব বলেন র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। 

গ্রেপ্তার ব্যক্তি হলেন পারভেজ (৩০)। এই ঘটনায় দায়ের হওয়া মামলার দুই নম্বর আসামি তিনি। রোববার ভোরে কিশোরগঞ্জের সদর থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-২ ও র‍্যাব-১৪।

নয়মুল হাসান বলেন, নবোদয় হাউজিং এলাকায় জাপান এবং ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে হত্যার ঘটনায় গত ৩ জুলাই মো. সুমন (২৫) ও মো. শহীদ (৫৯) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তারা (আসামিরা) পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছে, বাদশাকে ছুরিকাঘাত করেছে পারভেজ। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পারভেজের অবস্থান শনাক্ত করে কিশোরগঞ্জের সদর থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে পারভেজকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। বাদশাকে ছুরিকাঘাত করেছে শুধু পারভেজ। অন্যরা হামলায় জড়িত থাকলেও ছুরিকাঘাত করেনি।

এর আগে গত শুক্রবার (৩ জুলাই) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, বাদশাকে ছুরিকাঘাত করেছে রিপন নামের এক ব্যক্তি। যাকে এরইমধ্যে ডিবি গ্রেপ্তার করেছে। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইস গিয়ার চাকু উদ্ধারের তথ্যও জানান তিনি।  

আইনশৃঙ্খলা রক্ষাকারী দুই বাহিনীর তথ্যে পার্থক্যের কারণ জানতে চাইলে তিনি বলেন, গ্রেপ্তার পারভেজ আমাদের কাছে এই তথ্য জানিয়েছে। বিচারিক বিষয় আমাদের নয়। এ নিয়ে তদন্ত হবে। সেখানে আসল ঘটনা উঠে আসবে।

প্রসঙ্গত, এর আগে এই ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছিল র‍্যাব। এছাড়া থানা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করে। এ নিয়ে এই ঘটনায় মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এমএসি/জেআই/জেডএস

বিজ্ঞাপন