আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু কিছু স্থানে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। একই সময়ে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী ইমন কল্যাণ দাসের সই করা বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে চট্টগ্রাম বিভাগে ভারি থেকে অতি ভারি এবং ভারতের মেঘালয় প্রদেশে ভারি বৃষ্টিপাত হয়েছে। এছাড়া আগামী পাঁচ দিন সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের ত্রিপুরা প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
এতে আরও বলা হয়েছে, ভারতের ওড়িশা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে তৎসংলগ্ন এলাকায় মৌসুমি স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে।
ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকা সম্পর্কে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল থাকলেও যমুনা নদীর পানি সমতল বেড়েছে। আগামী দুই দিন পানি কমে পরবর্তী তিন দিন আবার বাড়তে পারে। তবে নদীটি বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হতে পারে।
গঙ্গা-পদ্মা অববাহিকায় গত ২৪ ঘণ্টায় পানি সমতল স্থিতিশীল রয়েছে। আগামী তিন দিন এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এবং পরবর্তী দুই দিন পানি বৃদ্ধি পেলেও নদী দুটি বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হতে পারে।
সুরমা-কুশিয়ারা (আপার মেঘনা) অববাহিকায় গত ২৪ ঘণ্টায় নদীর পানি সমতল কমেছে। আগামী এক দিন স্থিতিশীল থেকে পরবর্তী দুই দিন পানি বাড়তে পারে।
চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী তিন দিন এসব নদীর পানি দ্রুত বাড়তে পারে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু কিছু স্থানে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। একই সঙ্গে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনু, ধলাই, খোয়াই ও কংস নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। অন্যদিকে সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভুগাই নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। আগামী এক দিন স্থিতিশীল থেকে পরবর্তী দুই দিন এসব নদীর পানি দ্রুত বাড়তে পারে। আগামী ৭২ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু কিছু স্থানে নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। পাশাপাশি নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
এদিকে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী এক দিন এ ধারা অব্যাহত থাকতে পারে এবং পরবর্তী দুই দিন পানি বৃদ্ধি পেতে পারে।
/এমএইচএন/এমএসএ
