চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দারোগা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল রানা বাঁশখালীর চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরিত্ত্যা পাড়া এলাকার শামশুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় ব্যবসায়ী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাঁশখালীর সিকদার দোকান এলাকা থেকে নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় করে তিনি গন্তব্যে রওনা হন। পথে দারোগা বাজার এলাকায় পৌঁছালে অটোরিকশাটি দুর্ঘটনার কবলে পড়ে।
স্থানীয় লোকজন জানান, দুর্ঘটনাকবলিত অটোরিকশার একটি লোহার রড সরাসরি জুয়েল রানার বুকে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক ঢাকা পোস্টকে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে সড়ক পরিবহন আইনে মামলা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আতিকুল হা-মীম/জেআই/এমএসএ
