বিজ্ঞাপন

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

নার্সকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি, ব্যাহত স্বাস্থ্যসেবা

নার্সকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি, ব্যাহত স্বাস্থ্যসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত এক নার্সকে গভীর রাতে হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে টানা আন্দোলনে নেমেছেন নার্সিং কর্মকর্তারা। অভিযোগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল রোববার(৫ জুলাই) মানববন্ধন এবং সোমবার(৬ জুলাই) কর্মবিরতি পালন করেন তারা। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট নার্সের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর প্রচারণারও প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।

জানা গেছে, রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে হাসপাতালের বিভিন্ন বিভাগের নার্সিং কর্মকর্তারা অংশ নেন। পরদিন সোমবার সকাল থেকে তারা কর্মবিরতি পালন করেন।

আন্দোলনরত নার্সরা জানান, দায়িত্ব পালনরত একজন নার্সকে গভীর রাতে হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা শুধু একজন স্বাস্থ্যকর্মীর ওপর আঘাত নয়, বরং পুরো স্বাস্থ্যসেবা ব্যবস্থার নিরাপত্তা ও কর্মপরিবেশের জন্য উদ্বেগজনক। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। 

তারা আরও বলেন, চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা প্রতিনিয়ত জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছেন। কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

এদিকে, গত তিন-চার দিন ধরে চলমান আন্দোলনের কারণে হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আন্দোলনের ফলে বিভিন্ন ওয়ার্ডে রোগীদের নিয়মিত সেবা প্রদান, ওষুধ বিতরণ, পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তায় বিঘ্ন ঘটছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন গুরুতর অসুস্থ, বয়স্ক ও শিশু রোগীরা।

হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনরা জানান, নির্ধারিত সময়ে ওষুধ প্রয়োগ, স্যালাইন পরিবর্তন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য নার্সিং সেবা পেতে বিলম্ব হচ্ছে। অনেক ক্ষেত্রে রোগীর স্বজনদেরই প্রাথমিক পরিচর্যার দায়িত্ব পালন করতে হচ্ছে। এ কারণে হাসপাতালজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম বলেন, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে মানসম্মত চিকিৎসাসেবা প্রদান সম্ভব নয়। গভীর রাতে মহিলা ওয়ার্ডে বহিরাগতদের প্রবেশ করে কর্তব্যরত নার্সদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা নার্সদের আশ্বস্ত করেছি এবং তারা কাজে যোগ দিয়েছেন। বর্তমানে স্বাস্থ্যসেবা স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এনামুল হক নাবিদ/জেআই