বিজ্ঞাপন

পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম বিমানবন্দরের প্রবেশপথ-পার্কিং জোন

পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম বিমানবন্দরের প্রবেশপথ-পার্কিং জোন

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ পথ ও পার্কিং জোন পানিতে তলিয়ে গেছে। এতে বিমানবন্দরে আসা-যাওয়া করা যাত্রী, স্বজন এবং যানবাহন চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে বিমানবন্দরের প্রবেশপথ, পার্কিং জোন এবং আশপাশের এলাকায় পানি জমে যায়।

ঢাকা পোস্টের হাতে আসা ভিডিওতে দেখা যায়, হাঁটুসমান পানির মধ্যে দিয়ে যাত্রী ও যানবাহন চলাচল করছে। পার্কিং এলাকায় থাকা অনেক গাড়ির চাকাও পানিতে ডুবে যায়।

সাইদুল ইসলাম নামের এক যাত্রী বলেন, পানি জমে থাকায় গাড়ি থেকে নেমে টার্মিনাল ভবনে যেতে দুর্ভোগে পড়তে হয়েছে। অনেককে লাগেজ নিয়ে পানির মধ্য দিয়েই হেঁটে যেতে হয়েছে।

জানা গেছে, সোমবার সকাল থেকে টানা ভারী বৃষ্টির কারণে অস্বাভাবিকভাবে পানি জমে প্রবেশ সড়ক ও পার্কিং এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিকেলের বৃষ্টিতে পানি আরও বেড়ে যায়। পার্কিংয়ের পাশে থাকা দোকানেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

তবে জলাবদ্ধতার কারণে বিমান ওঠানামার কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। নির্ধারিত সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিস ঢাকা পোস্টকে জানিয়েছে, পতেঙ্গা ও বিমানবন্দর এলাকায় রোববার (৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে সোমবার ৬টা পর্যন্ত ২০৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

আরএমএন/এসএএস/এমএন