রাজধানীর দক্ষিণখান থানাধীন কাওলা এলাকায় (২) বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেলের দিকে শিশুটিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা তার মামা তোফাজ্জল জানান, দুপুর দেড়টার দিকে দক্ষিণখানের কাওলা শেখবাড়ি এলাকায় ভাড়া বাসায় আমার ভাগনিকে ঘুম পাড়িয়ে রেখে ওর মা প্রতিদিনের মতো কাজে চলে যান। দুপুর পৌনে ৩টার দিকে মা কাজ শেষে বাসায় ফিরে দেখেন হুজাইফা রক্তাক্ত ও উলঙ্গ অবস্থায় বিছানায় পড়ে আছে। এ সময় পাশের বাসার এক কিশোরের নাম ইঙ্গিত করে। পরবর্তীতে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা ওকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে আমার ভাগনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি আছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, হুজাইফার অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরও জানান, হুজাইফার গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার সোনাবালুয়া গ্রামে। বর্তমানে দক্ষিণ খান শেখবাড়ি কাওলাতে পরিবারের সঙ্গে বসবাস করত। তার মা গৃহকর্মীর কাজ করে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, দক্ষিণখান থেকে এক শিশুকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বিষয়টি দক্ষিণখান থানা পুলিশকে অবহিত করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।
এসএএ/এমএন
