বিজ্ঞাপন

টানা বৃষ্টিতে চট্টগ্রামের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

টানা বৃষ্টিতে চট্টগ্রামের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

চট্টগ্রামে টানা দুই দিনের ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে নগরের নিচু এলাকাগুলোতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলের ভারী বর্ষণে নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, কাপাসগোলাসহ বিভিন্ন সড়ক হাঁটুসমান পানিতে তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে।

নগরীর মুরাদপুর ও বহদ্দারহাট এলাকার বাসিন্দারা জানান, বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে পানি বাড়তে শুরু করলে দ্রুত রাস্তাঘাট ডুবে যায়। কর্মস্থল থেকে ফিরতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন সাধারণ মানুষ। এ ছাড়া, বিভিন্ন সড়কে যানবাহন সংকটের পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও ছিলো সাধারণ মানুষের।

কাতালগঞ্জের বাসিন্দা মো. সালমান বলেন, ‘সামান্য বৃষ্টিতেই আমাদের বাসার নিচতলা ও রাস্তায় পানি জমে যায়। আজ সন্ধ্যায় সন্তানকে হাসপাতাল থেকে বাসায় নিতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছি।’

বহদ্দারহাটের সরকারি কর্মকর্তা হেফাজুতুল ইসলাম বলেন, ‘অফিস শেষে বাসায় ফেরার পথে রাস্তায় হাঁটুসমান পানি পেয়েছি। রিকশা পাওয়া দুষ্কর, পেলেও ভাড়া দাবি করছে দ্বিগুণ। জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়া যেন এখন ভাগ্যের ব্যাপার।’

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর ফলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পানি নিষ্কাশনের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং বৃষ্টি কমলে পরিস্থিতির উন্নতি হবে। তবে বর্তমানে জলাবদ্ধতার কারণে নগরবাসীর দৈনন্দিন দুর্ভোগ চরমে পৌঁছেছে।

এমআর/এসএএস/এমএন