বিজ্ঞাপন

পুলিশের বিশেষ ইউনিটের বিশেষ অভিযান

ডাকাতিসহ চার ছিনতাইকারীর বিরুদ্ধে আছে ১৫ মামলা, ফের ছিনতাই করতে গিয়ে আটক

ডাকাতিসহ চার ছিনতাইকারীর বিরুদ্ধে আছে ১৫ মামলা, ফের ছিনতাই করতে গিয়ে আটক

রাজধানীর কাওরান বাজার ও শেরেবাংলা নগর এলাকায় পৃথক অভিযানে ছিনতাইয়ের চেষ্টাকালে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এই চারজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে।

অভিযানের সময় তাদের কাছ থেকে তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাতে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী এতথ্য জানান।

তিনি বলেন, সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিটিটিসির সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের সদস্যরা কাওরান বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ছিনতাইয়ের চেষ্টাকালে হৃদয় (২৩), রাশেদ (২৩) ও মো. শামীম ওরফে সাগরকে (২৫) হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এছাড়া রাত পৌনে ৯টার দিকে শেরেবাংলা নগর থানার শিশু মেলার সামনে ওভারব্রিজে আরেকটি অভিযানে ছিনতাইয়ের চেষ্টাকালে মো. শাহ আলমকে (৩৫) হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে মোট তিনটি ছুরি উদ্ধার করা হয়।

নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী এবং একটি সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য বলে জানা গেছে। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল।

তিনি আরও জানান, হৃদয়ের বিরুদ্ধে ডাকাতিসহ পাঁচটি, রাশেদের বিরুদ্ধে ডাকাতিসহ তিনটি, শামীম ওরফে সাগরের বিরুদ্ধে দুটি এবং শাহ আলমের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের তেজগাঁও ও শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

জেইউ/এমটিআই

বিজ্ঞাপন