বিজ্ঞাপন

জম্মু ও কাশ্মিরের মানচিত্র নিয়ে ঢাকায় ভারত-পাকিস্তানের কূটনীতিকদের বাহাস

জম্মু ও কাশ্মিরের মানচিত্র নিয়ে ঢাকায় ভারত-পাকিস্তানের কূটনীতিকদের বাহাস

জম্মু ও কাশ্মীর মানচিত্র ‘উপস্থাপন’ নিয়ে ঢাকায় ভারত ও পাকিস্তানের দুই কূটনীতিকের মধ্যে অভিযোগ ও পাল্টা জবাবের ঘটনা ঘটেছে।

সোমবার (৬ জুলাই) সার্কের পুনরুজ্জীবন নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এক সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের সেন্টার ফর বে অব বেঙ্গল স্টাডিজের উপদেষ্টা ও দিল্লিস্থ বাংলাদেশের সাবেক হাই কমিশনার তারিক এ করিম।

উপস্থাপক মূল প্রবন্ধ উপস্থাপনের সময় দক্ষিণ এশিয়ার একটি মানচিত্র প্রদর্শন করেন। সেখানে জম্মু ও কাশ্মির অংশ নিয়ে আপত্তি তোলেন অনুষ্ঠানে উপস্থিত ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক ও তথ্য) পূজা কুমারী ঝা। উপস্থাপকের বক্তব্য চলাকালেই তিনি হাত তুলে বলতে থাকেন, এখানে ভারতের যে মানচিত্র দেখানো হয়েছে, তা সঠিক নয়। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাই উপস্থাপিত মানচিত্রটি সঠিক নয় বলে আমি মনে করি।

জবাবে প্রবন্ধ উপস্থাপনকারী সাবেক রাষ্ট্রদূত তারিক এ করিম বলেন, মানচিত্রটি শুধু উপস্থাপনার সুবিধার্থে ব্যবহার করা হয়েছে এবং এটি প্রকৃত সীমারেখা নির্দেশ করে না। পরে পূজা কুমারী ঝা বলেন, আমি বুঝতে পারছি, স্যার। কিন্তু জম্মু ও কাশ্মীরকে আমরা ভারতের অংশ হিসেবে দেখি এবং এখানে সেটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তাই বিষয়টি শুধু উল্লেখ করতে চেয়েছি। এর জবাবে তারিক করিম বলেন, বিষয়টি নথিভুক্ত করা হলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ। তিনি ভারতীয় কূটনীতিকের বক্তব্যের পাল্টা জবাব দিতে থাকেন এবং এ নিয়ে তার আরও বলার আছে জানিয়ে উপস্থাপকের কাছে সময় চান। জবাবে রাষ্ট্রদূত তারিক এ করিম পাকিস্তানের কূটনীতিকের উদ্দেশে বলেন, আপনি এ বিষয়ে কথা বলতে চাইলে আমরা বক্তব্য শেষে বলতে পারবেন। যদিও পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার আর এ বিষয়ে কথা বলতে দেখা যায়নি।

'বিশ্বাস পুনঃস্থাপন ও আঞ্চলিক সংহতি নবায়ন: সার্ককে পুনরুজ্জীবিত করার পথ'-শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক নিলয় রঞ্জন বিশ্বাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত পররাষ্ট্রসচিব শামসুল হক সেমিনারে একটি প্যানেল আলোচনায় অংশ নেন।

এনআই/এমটিআই

বিজ্ঞাপন