বিজ্ঞাপন

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিমের ম্যানেজার গ্রেপ্তার

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিমের ম্যানেজার গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুর থানার গজনবী রোড এলাকা থেকে দেশীয় পিস্তলসহ মো. টিপু (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার টিপু জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী চুয়া সেলিমের ম্যানেজার হিসেবে কাজ করতেন।
 
সোমবার (৬ জুলাই) র‍্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
মেজর মুবীন রহমান তাপস বলেন, আদাবর, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকায় সন্ত্রাসী, ছিনতাইকারী, কিশোর গ্যাং, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে র‍্যাব-২ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গজনবী রোড এলাকায় কয়েকজন ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান নিয়েছে।সেই তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে টিপুকে আটক করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিপু বর্তমানে জেনেভা ক্যাম্প কেন্দ্রিক অপরাধচক্রের অন্যতম নিয়ন্ত্রক চুয়া সেলিমের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন বলে তথ্য পাওয়া গেছে- জানিয়েছে র‌্যাব।
 
মেজর মুবীন রহমান তাপস বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
 
এসএএ/এমটিআই

বিজ্ঞাপন