বিজ্ঞাপন

আনসার-ভিডিপিতে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করতে মন্ত্রীর সহযোগিতার আশ্বাস

আনসার-ভিডিপিতে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করতে মন্ত্রীর সহযোগিতার আশ্বাস

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ডিজিটাল রূপান্তর কার্যক্রম আরও এগিয়ে নিতে এবং বাহিনীর এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত করার উদ্যোগে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান জানান, সোমবার (৬ জুলাই) মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সাক্ষাৎকালে মহাপরিচালক বাহিনীর চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রম এবং এভিইআরপি (আনসার-ভিডিপি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং)-এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

তিনি জানান, বাহিনীর বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, মোতায়েন, ভাতা বিতরণ, জনসেবা, কর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রম ইতোমধ্যে সমন্বিত ডিজিটাল ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, প্রায় ৬০ লাখ সদস্যের তথ্যভান্ডার এবং বহুমাত্রিক ডিজিটাল কার্যক্রম ভবিষ্যতে বিগ ডেটা, মেশিন লার্নিং, বৃহৎ ভাষা মডেল (এলএলএম) এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি উন্নয়নের জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করছে। বাহিনীর নিজস্ব তথ্যভান্ডারের ওপর ভিত্তি করে এআই-চালিত অটোমেশন চালু করা গেলে স্মার্ট সিদ্ধান্ত গ্রহণ, দক্ষতা মূল্যায়ন, প্রশিক্ষণ, কর্মসংস্থান ব্যবস্থাপনা এবং জবাবদিহিমূলক জনসেবা আরও সহজ হবে।

তথ্যপ্রযুক্তি মন্ত্রী এ উদ্যোগকে সময়োপযোগী, উদ্ভাবনী ও ভবিষ্যতমুখী হিসেবে অভিহিত করেন। সম্ভাব্যতা যাচাই এবং কার্যকর বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সরকারি অংশীজনদের নিয়ে শিগগিরই একটি বিশেষ সভা আয়োজনের নির্দেশনাও দেন তিনি।

আনসার-ভিডিপি জানিয়েছে, বিদ্যমান ডিজিটাল অবকাঠামোর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ও বৃহৎ ভাষা মডেল প্রযুক্তির সংযোজন বাহিনীর প্রশাসনিক দক্ষতা বাড়ানোর পাশাপাশি জাতীয় পর্যায়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান ব্যবস্থাপনা এবং নাগরিকসেবা আধুনিকায়নেও কার্যকর ভূমিকা রাখতে পারে।

সাক্ষাৎকালে বাহিনীর উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেইউ/এমটিআই

বিজ্ঞাপন