বিজ্ঞাপন

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবি

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবি

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের পাশাপাশি উদীয়মান তামাকজাত পণ্যের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোমবার (৬ জুলাই) রাজধানীর বনানীর এক হোটেলে “তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ, প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়” শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।

টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল (টিসিআরসি), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ তামাকবিরোধী জোট (বাটা) এবং তামাকবিরোধী নারী জোটের (তাবিনাজ) যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বক্তারা বলেন, ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধনী) আইন, ২০২৬’ তামাক নিয়ন্ত্রণে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হলেও, জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে আইনটির কার্যকর বাস্তবায়নের পাশাপাশি ই-সিগারেট, ভ্যাপ, নিকোটিন পাউচসহ সকল ধরনের উদীয়মান তামাকজাত পণ্যের বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি ।

তারা বলেন, সংশোধিত আইনটি তামাক নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হলেও এর সফলতা নির্ভর করবে কার্যকর বাস্তবায়নের ওপর। এ লক্ষ্যে মাঠপর্যায়ে আইন প্রয়োগে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং জনস্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জোরদার করতে হবে। একই সঙ্গে আইন বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়নে সরকারের উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, সংশোধিত আইনে ই-সিগারেট, ভ্যাপ, নিকোটিন পাউচসহ সকল ধরনের ইমার্জিং টোব্যাকো প্রোডাক্ট নিষিদ্ধের বিধান বাতিল করা হয়েছে। এর ফলে এসব পণ্য কার্যত নিয়ন্ত্রণহীনভাবে বাজারে উন্মুক্ত হয়ে পড়েছে। যা জনস্বাস্থ্যের পাশাপাশি দেশের শিশু, কিশোর ও তরুণদের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে। তাই তামাক ও নিকোটিন আসক্তির ফাঁদ থেকে তরুণ সমাজকে সুরক্ষা দিতে ই-সিগারেট, নিকোটিন পাউচসহ সকল ধরনের ইমার্জিং টোব্যাকো প্রোডাক্টের বিরুদ্ধে দ্রুত কার্যকর নীতিগত ও আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।

উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহিলা আসন-৩ এর সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, মহিলা আসন-৭ এর সংসদ সদস্য বিলকিস ইসলাম, ঢাকা আহসানিয়া মিশনের হেলথ সেক্টরের পরিচালক ও বিটিসিএ এর আহ্বায়ক ইকবাল মাসুদ, নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলি, বাংলাদেশ তামাক বিরোধী জোটের দপ্তর সম্পাদক ও  ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের হেড অব প্রোগ্রামস সৈয়দা অনন্যা রহমান প্রমুখ।

এএসএস/এমটিআই

বিজ্ঞাপন