বিজ্ঞাপন

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য প্রাথমিক সময়সূচি জানালেন তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য প্রাথমিক সময়সূচি জানালেন তথ্য উপদেষ্টা

প্রাথমিক রোডম্যাপ অনুযায়ী আগামী অক্টোবরের প্রথমার্ধে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

তিনি বলেন, চলতি জুলাই মাসের শেষ দিকে নির্বাচন কমিশনের রোডম্যাপ চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে এবং আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে অনুষ্ঠিত হওয়া এ নির্বাচন ২০২৭ সালের অক্টোবর নাগাদ শেষ হতে পারে।

মঙ্গলবার (০৭ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক রোডম্যাপ পরিচালনা প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে। নির্বাচন কমিশন সূত্র জানায়, স্থানীয় সরকার নির্বাচনে সারা দেশকে হাওর ও উত্তর-পূর্বাঞ্চল, উপকূলীয় অঞ্চল, নদীপ্রধান অঞ্চল, সমতল-এভাবে ভাগ করে সময় নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, এটা একটা খুবই আলোচিত ইস্যু ছিল আমাদের সবসময়, সেটা হচ্ছে—স্থানীয় সরকার নির্বাচন আদৌ হবে কিনা। কেউ কেউ এভাবে বলার চেষ্টা করতেন; যেহেতু ওখানে অনেক ক্ষেত্রেই প্রশাসক নিয়োগ করা হয়েছে। কিন্তু আমরা রিপিটেডলি বলেছি, আমাদের মন্ত্রী সবসময় বলেছেন যে, এটা এই বছরের মধ্যেই শুরু হবে এবং আপনারা জানেন, নির্বাচন হওয়ার জন্য একটা বিশেষ সময় লাগে। আমরা চেষ্টা করি, বেশি সংখ্যক নির্বাচন শুষ্ক মৌসুমে হওয়া, শীতের মৌসুমে হওয়া।

তিনি বলেন, অক্টোবরের দিক থেকে শুরু হবে। এবং এটাও একটা তথ্য, শুরু হবার পরে আট-মানে ১০ থেকে ১২ মাস সময় লাগে। আমরা অনেকেই ভুলটা করি। এখন থেকে ১০ থেকে ১২ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে না। নির্বাচন শুরু হবার ১০ থেকে ১২ মাস। মানে এই অক্টোবরে যদি শুরু হয়, পরের বছরের অক্টোবর নাগাদ সব নির্বাচন শেষ হবে—২০২৭-এর অক্টোবর নাগাদ।

এসএইচআর/এসএম