ইউনিয়নভিত্তিক স্থায়ী কর্মসংস্থান নিশ্চিতের দাবি জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে কর্মরত লাইভস্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) ঐক্য পরিষদ।
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানান তারা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করলেও এলএসপিরা স্থায়ী কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত। তাই দ্রুত তাদের দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
তারা বলেন, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় দেশের ৬১ জেলায় নিয়োজিত দক্ষ ও প্রশিক্ষিত লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের (এলএসপি) ইউনিয়নভিত্তিক স্থায়ী কর্মসংস্থান নিশ্চিত করতে হবে, এটাই আমাদের এক দফা দাবি। আমাদের পরিবার আছে, আমাদেরও সংসার আছে, তাই আমাদের প্রতি মানবিক দিক বিবেচনা করে আমাদের দাবি মেনে নিন।
অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন মাঠপর্যায়ে কাজ করা এলএসপি সদস্য হাবিবুর রহমান। তিনি বলেন, আমাদের এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর এলএসপিরা পরিবার পরিজন নিয়ে হতাশার মধ্যে রয়েছে। আমরা বারবার দাবি আদায়ে মাঠে নেমেছি, আন্দোলন করেছি, সরকারের কাছে আমাদের দাবি কথা পৌঁছানোর চেষ্টা করেছি। প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে কর্মসংস্থানের বিষয়ে দুই দফা সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানো হলেও এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। এ অবস্থায় ফের আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।
এলএসপি সদস্য আরেক সদস্য জাহিদ হোসেন বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে প্রায় ৪ হাজারের বেশি প্রশিক্ষত এলএসপি মাঠপর্যায়ে কাজ করে আসছে। প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এলএসপিদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। আমরা এখন চাই অন্তত আমাদের কর্মসংস্থান থাকুক, ইউনিয়নভিত্তিক স্থায়ী কর্মসংস্থান নিশ্চিতের দাবি নিয়ে আমরা একত্রিত হয়েছি। আমাদের দিকে সংশ্লিষ্টরা সুনজর দিয়ে আমাদের দাবি মেনে নিন, ইউনিয়নভিত্তিক স্থায়ী কর্মসংস্থান নিশ্চিত করুণ।
কর্মসূচিতে উপস্থিত প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে কর্মরত লাইভস্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) ঐক্য পরিষদের সমন্বয়কারী এস এম জামান, সদস্য সচিব শরীফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
এএসএস/এসএম
