বিজ্ঞাপন

ডিএসসিসিতে ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু, দ্রুত মিলবে বর্জ্য সমস্যার সমাধান

ডিএসসিসিতে ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু, দ্রুত মিলবে বর্জ্য সমস্যার সমাধান

নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ক্লিন কেয়ার ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (৭ জুলাই) ডিএসসিসি নগর ভবন অডিটোরিয়ামে ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, ​এই অ্যাপের মাধ্যমে নগরবাসী বর্জ্য অপসারণ, ময়লা-আবর্জনা, ড্রেনেজ সমস্যা-সংক্রান্ত যেকোনো অভিযোগ সরাসরি জানাতে পারবেন। একই সঙ্গে অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর অ্যাপে লাইভ ট্র্যাক বা পর্যবেক্ষণ করার সুযোগ পাবেন। 

এছাড়া অভিযোগের বিপরীতে গৃহীত পদক্ষেপে নাগরিকরা তাদের সন্তুষ্টির প্রতিক্রিয়াও জানাতে পারবেন। সেবাটি পেতে গুগল প্লে-স্টোর থেকে ইংরেজিতে লেখা ‘ক্লিন কেয়ার’ অ্যাপটি ডাউনলোড করে মোবাইল নম্বর দিয়ে সাইন-ইন করতে হবে।

​​ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার প্রতিটি ধাপ আরও দক্ষতার সঙ্গে পর্যবেক্ষণ, সমন্বয় ও মূল্যায়ন করা সম্ভব হবে বলে ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়। পাশাপাশি প্রযুক্তিনির্ভর এই প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিক সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও গতি বৃদ্ধি পাবে, যা একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও স্মার্ট ঢাকা বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- বলে আশা করছে সংস্থাটির সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. মাহবুবুর রহমান তালুকদার।

এএসএস/বিআরইউ