অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে রংপুরের বদরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র উত্তম কুমার সাহা ও তার স্ত্রী মিসেস রিক্তা রাণী সাহার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।
উত্তম কুমারের বিরুদ্ধে ভারতীয় দুই নাগরিককে অবৈধভাবে বাংলাদেশি জন্মসনদ ও তাদের মায়ের জন্য জাল মৃত্যুসনদ প্রদানেরও গুরুতর জালিয়াতির অভিযোগ রয়েছে। সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়ার পর চলছে যাচাই-বাছাই। সংস্থাটির রংপুর কার্যালয় থেকে নিয়োগকৃত অনুসন্ধান কর্মকর্তা অবৈধ সম্পদ প্রমাণও পেয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ার পর দুদক থেকে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে গত ডিসেম্বর সম্পদ বিবরণী দাখিল করে উত্তম কুমার দম্পতি। যা এখনো যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে আরও জানা যায়, ২০১৯ সালে বদরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিসেবে মনোজ কুমার সাহা ও রাজীব কুমার সাহা নামের দুই সহোদরকে জন্মসনদ দেওয়া হয়। তবে প্রকৃতপক্ষে তারা ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাকপুরের স্থায়ী বাসিন্দা এবং ভারতীয় পাসপোর্টধারী নাগরিক। শুধু তাই নয়, তাদের মা আরতী রাণী সাহার মৃত্যুসনদ নিয়েও বড় ধরনের জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। আরতী রাণী ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেও, ২০১৯ সালের ৩১ জানুয়ারি বদরগঞ্জ পৌরসভা থেকে তার নামে একটি জাল মৃত্যুসনদ ইস্যু করা হয়।
এছাড়া বদরগঞ্জ পৌর শহরের কেন্দ্রস্থলে রাজকুমার সাহার শতকোটি টাকা মূল্যের বিপুল সম্পত্তি রয়েছে। অভিযোগ- মেয়র পদে থাকাকালীন নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতে খেলায় নিয়োজিত ছিলেন।
আরএম/বিআরইউ
