টানা তিন দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরের অন্যতম বৃহৎ পাইকারি বাজার রেয়াজউদ্দিন বাজারের বিভিন্ন অংশ হাঁটুসমান পানিতে তলিয়ে গেছে। এতে দোকানপাটে পানি ঢুকে ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেক স্থানে ব্যবসা কার্যক্রম ব্যাহত হয়েছে এবং পণ্য রক্ষায় হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে নগরের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিপাতের কারণে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা আরও তীব্র আকার ধারণ করে। এর প্রভাব পড়ে রেয়াজউদ্দিন বাজারেও। বাজারের সড়ক ও অলিগলিতে হাঁটুসমান পানি জমে যাওয়ায় ক্রেতা ও ব্যবসায়ীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।
রাজা পারফিউমের স্বত্বাধিকারী জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে একই ধরনের জলাবদ্ধতার মুখে পড়তে হয়। স্থায়ী সমাধান না হওয়ায় আর্থিক ক্ষতির পাশাপাশি ভোগান্তিও বাড়ছে। তিনি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং দীর্ঘমেয়াদি সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ দাবি করেন।
ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, ‘সকাল থেকে গলির পানি দোকানে ঢুকেছে। জিনিসপত্র গুছিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছি না। বৃষ্টি না কমলে অনেক ক্ষতি হবে।’
এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মাহমুদুল আলম জানান, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
তামাকুন্ডি লাইন বণিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, টানা বৃষ্টিতে পুরো বাজার হাঁটুসমান পানির নিচে চলে গেছে। অনেক দোকানে পানি ঢুকে পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ব্যবসায়ীরা দোকান খোলা রাখলেও স্বাভাবিকভাবে বেচাকেনা করতে পারছেন না। দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এমআর/বিআরইউ
