ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, একটি আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তুলতে প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার কোনো বিকল্প নেই।
মঙ্গলবার (৭ জুলাই) ডিএসসিসি নগর ভবন অডিটোরিয়ামে ক্লিন কেয়ার ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, বর্তমান বিশ্বের উন্নত নগরীগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং ডাটা অ্যানালিটিক্সভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা পরিচালনা করছে। সেই বাস্তবতাকে সামনে রেখেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও দক্ষ, স্বচ্ছ ও সময়োপযোগী করতে ক্লিন কেয়ার ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে।
তিনি আরও বলেন, এই ডিজিটাল সিস্টেমের মাধ্যমে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে কোন এলাকায় কী ধরনের বর্জ্য বেশি সৃষ্টি হচ্ছে এবং কোথায় অতিরিক্ত জনবল বা যানবাহন প্রয়োজন- তা নির্ণয় করে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। এর ফলে বর্জ্য সংগ্রহ, পরিবহন ও অপসারণ কার্যক্রম আরও সমন্বিত, কার্যকর এবং ব্যয়-সাশ্রয়ী হবে।
প্রশাসক নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরিচ্ছন্ন শহর, সচেতন জীবন-এই প্রতিপাদ্য বাস্তবায়নে নাগরিকদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লিন কেয়ার অ্যাপটি নাগরিক ও সিটি কর্পোরেশনের মধ্যে একটি কার্যকর ডিজিটাল সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, এই অ্যাপের মাধ্যমে নগরবাসী বর্জ্য অপসারণ, ময়লা-আবর্জনা, ড্রেনেজ সমস্যা-সংক্রান্ত যেকোনো অভিযোগ সরাসরি জানাতে পারবেন। একই সঙ্গে অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর অ্যাপে লাইভ ট্র্যাক বা পর্যবেক্ষণ করার সুযোগ পাবেন।
এছাড়া অভিযোগের বিপরীতে গৃহীত পদক্ষেপে নাগরিকরা তাদের সন্তুষ্টির প্রতিক্রিয়াও জানাতে পারবেন। সেবাটি পেতে গুগল প্লে-স্টোর থেকে ইংরেজিতে লেখা ‘ক্লিন কেয়ার’ অ্যাপটি ডাউনলোড করে মোবাইল নম্বর দিয়ে সাইন-ইন করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. মাহবুবুর রহমান তালুকদার।
এএসএস/এমএন
