বিজ্ঞাপন

ভারী বৃষ্টিতে বন্দর পরিদর্শনে চেয়ারম্যান, কার্যক্রম সচল রাখার নির্দেশ

ভারী বৃষ্টিতে বন্দর পরিদর্শনে চেয়ারম্যান, কার্যক্রম সচল রাখার নির্দেশ

ঝোড়ো হাওয়া ও টানা প্রবল বৃষ্টির মধ্যে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রাখতে সরেজমিনে পরিদর্শন করেছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে তিনি বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল এলাকা পরিদর্শন করেন।

এ সময় চলমান লোডিং-আনলোডিং কার্যক্রম, জেটি, ইয়ার্ড, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ায় বন্দরের সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে চেয়ারম্যান সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যাতে বন্দরের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হয় এবং পণ্য পরিবহন ও জাহাজ পরিচালনায় কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন।

এ সময় তিনি বন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভারী বর্ষণের কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

চেয়ারম্যান বলেন, বন্দরের কার্যক্রম দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও অপারেশনাল কার্যক্রম সচল রাখতে বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।

এছাড়া নগরের জলাবদ্ধতা নিরসনে প্রয়োজন হলে চট্টগ্রাম সিটি করপোরেশনকে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের বিষয়েও তিনি বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

এমআর/এমএন