স্থানীয় জনসাধারণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে নতুন এক জোড়া কমিউটার ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১০ আগস্ট থেকে ১৩৫ ও ১৩৬ নম্বর ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের চলাচল শুরু হবে।
মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের কার্যালয় থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলাচল করবে। শনিবার থাকবে ট্রেনটির সাপ্তাহিক বন্ধ। নতুন ট্রেনটি ঢাকা থেকে দুপুর ৩টা ৩০ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জে পৌঁছাবে। সেখানে ৩০ মিনিট বিরতি দিয়ে ফিরতি যাত্রায় গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। উভয় পথে কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, শিবচর, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর ও কাশিয়ানী জংশনসহ বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি দেবে ৮ কোচের ট্রেনটি।
গোপালগঞ্জ থেকে ঢাকার দূরত্ব ধরা হয়েছে ২৯০ কিলোমিটার। ট্রেনের রেক বেইজ, ওয়াটারিং ও ক্লিনিং করা হবে ঢাকায়। ট্রেনে মোট কোচ থাকবে ৮টি। একটি কোচে সর্বনিম্ন ৫২ থেকে সর্বোচ্চ ৯৭ জন যাত্রী বসতে পারবেন। পুরো ট্রেনে মোট আসন থাকবে ৬০৯টি। ট্রেনটিতে থাকবে শোভন ও ‘মেট্রো টাইপ’ শোভন চেয়ার শ্রেণির আসন ব্যবস্থা।
রেলওয়ে জানায়, জয়দেবপুর কমিউটারের রেক ব্যবহার করে নতুন ট্রেনটি পরিচালিত হবে। সংশ্লিষ্ট বিভাগগুলোকে টিকিট বিক্রি, লোকোমোটিভ ও ক্রু সরবরাহ, রেক রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, বাংলা সাহিত্যের অন্যতম প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের স্মৃতি এবং তার বিখ্যাত গীতিনাট্য অভিযান-এর নামানুসারে ট্রেনটির নামকরণ করা হয় ‘অভিযাত্রী’।
এমএইচএন/আরএফ/এমএন
