বিজ্ঞাপন

আনসারের ৫২০ নারী ভিডিপি সদস্যের জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্স শুরু

আনসারের ৫২০ নারী ভিডিপি সদস্যের জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্স শুরু

বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ৫২০ জন নারী ভিডিপি সদস্যের জন্য জাপানি ভাষা প্রশিক্ষণ (জেএলপিটি এন৫) কোর্স শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 

বুধবার (৮ জুলাই) বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে দেশের ১৩টি প্রশিক্ষণ কেন্দ্রে ৯০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দেশের পিছিয়ে থাকা ও সম্ভাবনাময় নারী সদস্যদের আন্তর্জাতিক কর্মবাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুধু ভাষা শিক্ষা নয়, প্রশিক্ষণ শেষে জাপানে কর্মসংস্থান, আবাসন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার বিষয়টিও পরিকল্পনার অন্তর্ভুক্ত রয়েছে।

অনুষ্ঠানে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, এটি কেবল একটি ভাষা প্রশিক্ষণ কর্মসূচি নয়, বরং নারী সদস্যদের বৈশ্বিক কর্মসংস্থানের জন্য প্রস্তুত করার একটি সমন্বিত উদ্যোগ।

তিনি প্রশিক্ষণার্থীদের আবাসিক প্রশিক্ষণের পুরো সময় জাপানি ভাষায় পারস্পরিক যোগাযোগের মাধ্যমে ভাষাগত দক্ষতা বাড়ানোর আহ্বান জানান।

মহাপরিচালক বলেন, জাপানের ভাষা, সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ ও কর্মপরিবেশ সম্পর্কে সম্যক ধারণা অর্জনের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা মোকাবিলায় নিজেদের আরও দক্ষ করে তুলতে পারবেন।

মো. আশিকউজ্জামান বলেন, আনসার-ভিডিপি অ্যাকাডেমি, গাজীপুর; ভিটিসি নবাবগঞ্জসহ ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, চট্টগ্রাম, ফেনী, নওগাঁ, হবিগঞ্জ, চাঁদপুর ও কক্সবাজার জেলার প্রশিক্ষণ কেন্দ্রে একযোগে এ কোর্স পরিচালিত হবে।

তিনি বলেন, এই কর্মসূচি বাস্তবায়নে স্কিল আপ এবং অ্যাডসেক বাংলাদেশ অংশীদার হিসেবে কাজ করছে। স্কিল আপ ভাষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে। অন্যদিকে, জাপানের অ্যাডসেক গ্রুপ-এর সহযোগী প্রতিষ্ঠান অ্যাডসেক বাংলাদেশ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের কর্মসংস্থান, আবাসন ও অন্যান্য সহায়তা নিশ্চিত করবে।

আনসার বাহিনী সূত্রে জানা গেছে, জাপানের কেয়ারগিভার, হোটেল ও আতিথেয়তা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষি এবং খাদ্যসেবা খাতে বিদেশি কর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে। এসব খাতে কাজের জন্য জাপানি ভাষাজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অধিকাংশ ক্ষেত্রে জেএলপিটি এন৫ সমমানের দক্ষতা প্রাথমিক যোগ্যতা হিসেবে বিবেচিত হয়।

মো. আশিকউজ্জামান বলেন, ২০২৬-২৭ অর্থবছরে বাস্তবায়িত এই উদ্যোগ নারী সদস্যদের ভাষাগত ও পেশাগত দক্ষতা বৃদ্ধি, বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং আত্মনির্ভরশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর বিভিন্ন রেঞ্জ কমান্ডার, জেলা কমান্ড্যান্ট, কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণার্থীরা ভার্চুয়ালি অংশ নেন।

এসএএ/আরএফ/বিআরইউ

বিজ্ঞাপন