দেশের নতুন ‘ভিসা পলিসি ২০২৬’-এর খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করার জন্য একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (০৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৮ সদস্যের এই উচ্চপর্যায়ের কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন– স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং শিক্ষা মন্ত্রী।
এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যানকেও এই কমিটির সদস্য করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবগঠিত এই কমিটি ‘ভিসা পলিসি ২০২৬’-এর খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণের কাজ করবে। কমিটি প্রয়োজনে নতুন সদস্য কো-অপ্ট (অন্তর্ভুক্ত) করতে পারবে এবং প্রয়োজনানুসারে কমিটির সভা অনুষ্ঠিত হবে।
এই কমিটিকে সাচিবিক সহায়তা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, কমিটির পরিমার্জনের পর ‘ভিসা পলিসি ২০২৬’-এর চূড়ান্ত খসড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী মাসের প্রথম মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করবে।
এসএইচআর/বিআরইউ
