বিজ্ঞাপন

দেওয়া হলো সতর্কতা

পুলিশ সদস্যদের নিয়ে অসত্য-বিভ্রান্তিকর প্রচারণা চালালে ব্যবস্থা

পুলিশ সদস্যদের নিয়ে অসত্য-বিভ্রান্তিকর প্রচারণা চালালে ব্যবস্থা

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যদের নাম, পদবি ও ছবি ব্যবহার করে অসত্য, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

অসত্য, বিভ্রান্তিকর কিংবা মানহানিকর তথ্য বা বক্তব্য প্রচার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীটি।

বুধবার(৮ জুলাই) দিবাগত রাতে পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানা গেছে।

সতর্কতামূলক ওই পোস্টে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বাংলাদেশ পুলিশের কোনো কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যের নাম, পদবি ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

পোস্টে আরও বলা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি বাংলাদেশ পুলিশের কোনো সদস্যের নাম, পদবি বা ছবি ব্যবহার করে অসত্য, বিভ্রান্তিকর কিংবা মানহানিকর তথ্য বা বক্তব্য প্রচার করে, তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য পোস্ট, শেয়ার, লাইক বা মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে।

বাংলাদেশ পুলিশ জানায়, বাহিনীটি নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে সবার সচেতনতা, সহযোগিতা ও দায়িত্বশীল আচরণ একান্তভাবে কাম্য।

জেইউ/এমটিআই