রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে ট্রান্সফরমার বিকলের কারণে সৃষ্ট বিদ্যুৎ সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। তিনি বলেন, জাপান গার্ডেন সিটি ব্যবস্থাপনা কমিটির প্রয়োজনীয় তৎপরতা ও সমন্বয়ের অভাবেই সংকট দীর্ঘায়িত হয়েছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) তাদের দায়িত্বাধীন ৩৩ কেভি লাইনের মাধ্যমে জাপান গার্ডেন সিটি পর্যন্ত স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ করছে। তবে আবাসনটির নিজস্ব ৩৩ কেভি সাবস্টেশনের ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় আবাসিক এলাকায় বিদ্যুৎ বিতরণ বন্ধ রয়েছে।
ডিপিডিসির বরাতে আরও জানানো হয়েছে, বাসিন্দাদের দুর্ভোগ কমাতে তাদের কাছে থাকা সমক্ষমতার একটি ট্রান্সফরমার সাময়িকভাবে ভাড়ার ভিত্তিতে দেওয়ার প্রস্তুতি রয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনাও দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষ বা ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় আবেদন বা কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
বিষয়টি নিয়ে ববি হাজ্জাজ বলেন, নাগরিকদের ভোগান্তি কোনোভাবেই কাম্য নয়। সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। ডিপিডিসি যখন প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত, তখন ব্যবস্থাপনা কমিটির দ্রুত সিদ্ধান্ত ও সমন্বয়ই সংকট নিরসনের প্রধান শর্ত। বাসিন্দাদের স্বার্থে আর কোনো বিলম্ব গ্রহণযোগ্য নয়।
তিনি আশা প্রকাশ করেন, বাসিন্দাদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থাপনা কমিটি দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতায় বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন করবে।
উল্লেখ্য, নিজস্ব ৩৩ কেভি সাবস্টেশনের ট্রান্সফরমার বিকল হওয়ার পরও প্রয়োজনীয় ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণে বিলম্ব হওয়ায় তিন হাজারের বেশি বাসিন্দা দীর্ঘ সময় ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় দুর্ভোগে রয়েছেন। ডিপিডিসির দাবি, তাদের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় কোনো কারিগরি ত্রুটি নেই। প্রয়োজনে সাময়িক ট্রান্সফরমার সরবরাহের প্রস্তুতিও রয়েছে। তবে ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় আবেদন ও সমন্বয় না হওয়ায় সংকটের দ্রুত সমাধান সম্ভব হয়নি।
আরএইচটি/জেডএস
