বিজ্ঞাপন

চার মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান, ২৫ দোকান অপসারণ

চার মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান, ২৫ দোকান অপসারণ

উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত চারটি মেট্রোরেল স্টেশন এলাকায় বিশেষ উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চালানো এ অভিযানে স্টেশনসংলগ্ন এলাকা দখলমুক্ত করা হয়। এতে নেতৃত্ব দেন ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম।

অভিযানে চারটি স্টেশনের ফুটপাত ও আশপাশে গড়ে ওঠা আনুমানিক ২০ থেকে ২৫টি অবৈধ ও ভাসমান দোকান এবং অননুমোদিত স্থাপনা অপসারণ করা হয়। এ সময় অবৈধ দখলের সঙ্গে জড়িত ব্যক্তিদের মৌখিকভাবে সতর্ক করা হয়।

উচ্ছেদ অভিযানের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও দোকান মালিকদের ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষা ও উচ্ছেদ কার্যক্রমে এমআরটি পুলিশ, তুরাগ থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

ডিএমটিসিএল জানিয়েছে, মেট্রোরেল ও যাত্রীদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএইচএন/এসএএস