কিশোরগঞ্জের ভৈরবে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার (৮ জুলাই) কিশোরগঞ্জের ভৈরব থানার চন্ডীবের মধ্যপাড়া এলাকা থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, সেখানে ১৫ বছর বয়সী এক কিশোরের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে ছয় বছরের এক শিশু।
প্রাথমিক তথ্যে জানা যায়, শিশুটি অভিযুক্ত কিশোরের বাড়িতে খেলতে গেলে বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগে তাকে ধর্ষণ করা হয়। শিশুটির চিৎকার শুনে প্রতিবেশী ও তার মা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন।
খবর পেয়ে ৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি ভৈরব থানাকে জানায়। এরপর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। একই সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ভৈরব থানায় মামলা করেন। পরে অভিযুক্তকে আদালতে হাজির করা হলে আদালত তাকে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ জানায়, কলটি গ্রহণ করেন কলটেকার কনস্টেবল ফারজানা। পুরো ঘটনায় কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সমন্বয় করেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই আব্দুল মান্নান।
এমএসি/আরএফ/বিআরইউ
