জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে তীব্র দাবদাহ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া এবং গ্রিনহাউস প্রভাবের মতো সংকট দিন দিন তীব্রতর হচ্ছে। নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এখনই কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণের কোনো বিকল্প নেই। এ সংকট মোকাবিলায় তরুণ সমাজকে নেতৃত্ব দিয়ে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) চট্টগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সরকারি ছুটির কারণে নির্ধারিত দিনে আয়োজন সম্ভব না হওয়ায় বৃহস্পতিবার চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর এ আলোচনা সভার আয়োজন করে। জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে এ বছরের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল, ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ফয়সল আহমেদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জমির উদ্দিন।
আলোচনা সভায় প্লাস্টিকের ব্যবহার কমানো, বৃক্ষরোপণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, পাহাড় কাটা ও জলাশয় ভরাট বন্ধ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানায়, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক অনুষ্ঠান এবং পরিবেশবিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবারের এ আলোচনা সভা, চারাগাছ ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মাসব্যাপী এসব কর্মসূচির সমাপনী ঘটে। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদ ও বই বিতরণ করা হয়।
এমআর/আরএফ/বিআরইউ
