বিজ্ঞাপন

স্থানীয় নির্বাচনে ভোটকক্ষে ভোটার সংখ্যা বাড়াল ইসি, জারি হলো গেজেট

স্থানীয় নির্বাচনে ভোটকক্ষে ভোটার সংখ্যা বাড়াল ইসি, জারি হলো গেজেট

ভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নীতিমালায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নীতিমালায় পরিবর্তন আসায় এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে ৬০০ পুরুষ ও ৫০০ নারী ভোটারের জন্য একটি কক্ষ নির্ধারণ করা হয়েছে। ভোটার সংখ্যার অনুপাতে ভোটকক্ষ নির্ধারণের আগের নিয়ম সংশোধন করে নতুন নির্দেশনা জারি করেছে ইসি।

বৃহস্পতিবার (৯ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব (নির্বাচন সহায়তা-৩) মো. রশিদ মিয়ার সই করা এক সরকারি গেজেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, নির্বাচনে সাধারণত গড়ে প্রতি ২,০০০ (দুই হাজার) ভোটারের জন্য একটি করে ভোটকেন্দ্র বসানো হবে। এতে ভোটকক্ষে আগে যেখানে সাধারণভাবে প্রতি ৪০০ জন পুরুষ এবং ৩০০ থেকে ৩৫০ জন মহিলা ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ বরাদ্দ থাকত, নতুন নিয়মে সেটি বাড়িয়ে প্রতি ৬০০ জন পুরুষ ভোটার এবং ৫০০ জন মহিলা ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ নির্ধারণ করতে বলা হয়েছে।

একইভাবে উপনির্বাচনের ক্ষেত্রেও নিয়ম সংশোধন করা হয়েছে। আগে উপনির্বাচনে কোনো একটি পদে ভোটের জন্য ৫০০ জন পুরুষ এবং ৪০০ জন মহিলা ভোটারের বিপরীতে একটি কক্ষ ব্যবহৃত হতো। এখন সাধারণ নির্বাচন বা উপনির্বাচন, উভয় ক্ষেত্রেই প্রতি ৬০০ জন পুরুষ এবং ৫০০ জন মহিলা ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ বরাদ্দ থাকবে।

নতুন নীতিমালায় আরও উল্লেখ করা হয়েছে, চাপ কমাতে প্রতিটি ভোটকক্ষে প্রয়োজনে একাধিক গোপন কক্ষ বা মার্কিং প্লেস তৈরি করা যাবে। এছাড়া পূর্বের নিয়ম বহাল রেখে জানানো হয়েছে, প্রতিটি সাধারণ ওয়ার্ডের সীমানার ভেতরেই একটি করে ভোটকেন্দ্র বসাতে হবে। তবে বাস্তব পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় প্রয়োজনের ওপর ভিত্তি করে একই ওয়ার্ডে একাধিক ভোটকেন্দ্রও বসানো যাবে।

এসআর/বিআরইউ