‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ উপলক্ষ্যে কোস্ট গার্ড সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়। একই সঙ্গে বাহিনীটির আওতাধীন সব জোন, স্টেশন ও আউটপোস্টে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
কোস্ট গার্ডের বৃক্ষরোপণ অভিযান নিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকার পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই সবুজায়ন নিশ্চিত করতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিতে সর্বস্তরের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে।
সরকারের এ উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ কোস্ট গার্ডও জাতীয় বৃক্ষরোপণ অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।
কোস্ট গার্ড জানায়, এরই ধারাবাহিকতায় আজ দুপুরে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষ্যে কোস্ট গার্ড সদর দপ্তরে মহাপরিচালক বাংলাদেশ কোস্ট গার্ড রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ করেন। একই সঙ্গে কোস্ট গার্ডের আওতাধীন সব জোন, স্টেশন ও আউটপোস্টে সমন্বিতভাবে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালিত হয়।
তিনি আরও বলেন, সমুদ্র ও উপকূলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণও কোস্ট গার্ডের জাতীয় দায়িত্বের একটি অবিচ্ছেদ্য অংশ। আজকের এই কর্মসূচির মাধ্যমে একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।
এমএসি/বিআরইউ
