বিজ্ঞাপন

চট্টগ্রামে নদী ও খালে ডুবে নিখোঁজ দুই যুবক

চট্টগ্রামে নদী ও খালে ডুবে নিখোঁজ দুই যুবক

চট্টগ্রামের বোয়ালখালী ও সাতকানিয়া উপজেলায় পৃথক দুটি ঘটনায় নদী ও খালে ডুবে দুই যুবক নিখোঁজ হয়েছেন। পাহাড়ি ঢলের প্রবল স্রোতে বোয়ালখালীর ভাণ্ডালজুড়ি খালে ভেসে গেছেন এক বাগানশ্রমিক এবং সাতকানিয়ায় সাঙ্গু নদীতে পড়ে তলিয়ে গেছেন এক যুবদল কর্মী। 

গতকাল (বুধবার) দিবাগত রাত ও আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা দুটি ঘটে। নিখোঁজ দুই যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১টার দিকে বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা এলাকার লেচু বারিচা নামক স্থানে পাহাড়ি ঢলে সৃষ্ট প্রবল স্রোতে ভাণ্ডালজুড়ি খালে ডুবে দিদার আলম হৃদয় (১৮) নামে এক যুবক নিখোঁজ হন। নিখোঁজ হৃদয় পূর্ব জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্প এলাকার মৃত ইলিয়াছের ছেলে। জীবিকার তাগিদে তিনি পাহাড়ে বাগানশ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে লিচুবাগানে কাজ করতে যাওয়ার সময় হৃদয় ভাণ্ডালজুড়ি খাল পার হওয়ার চেষ্টা করেন। এ সময় পাহাড়ি ঢলে সৃষ্ট প্রবল স্রোতে তিনি ভেসে যান।

বোয়ালখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা অলক চাকমা বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ যুবককে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

এদিকে বুধবার (৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে সাতকানিয়া উপজেলার সাঙ্গু নদীতে তলিয়ে গিয়ে আবদুল আলম নামে এক যুবক নিখোঁজ হন। নিখোঁজ আবদুল আলম সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি স্থানীয় যুবদলের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্র জানায়, দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে দোহাজারি থেকে নদীপথে কালিয়াইশ ফেরার সময় কোনো একপর্যায়ে তিনি সাঙ্গু নদীতে পড়ে তলিয়ে যান। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে থাকা লোকজন ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সাতকানিয়া কালিয়াইশ ইউনিয়ন বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক নুরুল হক নুর বলেন, আবদুল আলম দোহাজারি থেকে নদীপথে কালিয়াইশ আসছিলেন। তারা চারজন একসঙ্গে ছিলেন। পথিমধ্যে তিনি নদীতে পড়ে তলিয়ে যান। দীর্ঘদিন ধরে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

তবে সাতকানিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, এ ঘটনায় তাদের কাছে এখনো কোনো খবর আসেনি।

এমআর/বিআরইউ