চট্টগ্রামের আনোয়ারায় অতিবৃষ্টিতে জমে থাকা পানিতে ডুবে মো. ইশতিয়াক (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার বরুমছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাসান সর্দারপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ইশতিয়াক ওই এলাকার কৃষক মোহাম্মদ ইদ্রিচের ছেলে। চার ভাইবোনের মধ্যে সে ছিল মেজো। সে স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়তো।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে ইশতিয়াকের বাবা ইদ্রিচ কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হন। এ সময় ইশতিয়াক বাবার পিছু নেয়। পরে বাবা ফিরে এলেও শিশুটি বাড়ি ফেরেনি। তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। টানা কয়েকদিনের ভারী বর্ষণে এলাকাটি প্লাবিত হয়ে আছে। একপর্যায়ে বাড়ির পাশের বিলের পানিতে তার দেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেন স্বজনরা। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা মো. আনোয়ার বলেন, ‘আমরা ধারণা করছি, খেলতে গিয়ে অসাবধানতাবশত বৃষ্টির পানিতে জমে থাকা বিলে পড়ে গিয়ে সে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিল থেকে তাকে উদ্ধার করি।’
কান্নাজড়িত কণ্ঠে বাবা মোহাম্মদ ইদ্রিচ বলেন, ‘কাজে যাওয়ার সময় সে আমার পিছু নিয়েছিল। আমি তাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সে আর ঘরে ফিরল না। আমার সন্তান এভাবে চলে যাবে, তা ভাবতেই পারছি না।’
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন উদ্দীন চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। সম্ভবত পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।
আতিকুল হা-মীম/এমএসএ
