বিজ্ঞাপন

লাইসেন্স দ্রুত করে দেওয়ার নামে প্রতারণা, বিআরটিএতে ৩ দালালের কারাদণ্ড

লাইসেন্স দ্রুত করে দেওয়ার নামে প্রতারণা, বিআরটিএতে ৩ দালালের কারাদণ্ড

রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের উপস্থিতিতে আনসার বাহিনীর ছয় সদস্যের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

আটকরা হলেন, আবজালুল হাসান (৫৬), নিত্য চন্দ্র সেন (৪০) এবং মো. শামীম (৪৬)। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিআরটিএ কার্যালয়ে আগত সেবাপ্রত্যাশীদের লাইসেন্স ও যানবাহনের কাগজপত্র দ্রুত সম্পন্ন করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছিলেন তাঁরা। এ সময় আনসার সদস্যরা তাদের হাতেনাতে আটক করেন।

অভিযানে পিসি মো. খোরশেদ আলমের নেতৃত্বে এপিসি মো. আল মিজান এবং আনসার সদস্য সম্রাট, মানিক, শাহ ইমরান ও রোকনুজ্জামান অংশ নেন।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আটক তিনজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কাফরুল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি সেবা গ্রহণে দালাল চক্রের অপতৎপরতা বন্ধ, সেবাপ্রত্যাশীদের হয়রানি রোধ এবং সরকারি প্রতিষ্ঠানে শৃঙ্খলা নিশ্চিত করতে আনসার বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসএএ/এমএসএ