বিজ্ঞাপন

মোহাম্মদপুরে ৮৫০ কেজি চোরাই তামার তার-প্লাস্টিক কভারসহ গ্রেপ্তার ২

মোহাম্মদপুরে ৮৫০ কেজি চোরাই তামার তার-প্লাস্টিক কভারসহ গ্রেপ্তার ২

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই তামার তার ও প্লাস্টিকের কভারসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

এ সময় চোরাইমাল পাচারে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ইউসুফ (৫৩) ও মো. কামাল (৪২)। 

বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাতে মোহাম্মদপুর থানার শের শাহ্ সুরি রোডস্থ কাঠপট্টি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-২ এর একটি দল।

র‌্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস জানান, মোহাম্মদপুরের শের শাহ্ সুরি কাঠপট্টি এলাকায় চোরাই তামার তার পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-২ এর একটি দল।

অভিযানকালে সন্দেহভাজন মো. ইউসুফ ও মো. কামালকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৬২০ কেজি চোরাই তামার তার এবং ২৩০ কেজি তারের প্লাস্টিক কভার উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাই তার বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

মেজর এম মুবীন রহমান আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চোরাই পণ্য সংগ্রহ করে তা বিভিন্ন স্থানে পাচার করে আসছিল।

আদাবর, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকায় সন্ত্রাসী, ছিনতাইকারী, কিশোর গ্যাং, চাঁদাবাজ, মাদক কারবারী ও চোরাকারবারীসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাবের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জেইউ/এমএসএ