বিজ্ঞাপন

বাসে ফোন ছিনতাই চক্রের মূল হোতা গ্রেপ্তার, উদ্ধার ১১ স্মার্টফোন

বাসে ফোন ছিনতাই চক্রের মূল হোতা গ্রেপ্তার, উদ্ধার ১১ স্মার্টফোন

চট্টগ্রাম নগরের কোতোয়ালী এলাকায় বাসের এক যাত্রীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় জড়িত একটি সংঘবদ্ধ চক্রের মূল হোতা মো. সাইফুল ইসলাম ওরফে বাদশাকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৯ জুলাই) পটিয়া উপজেলার কোলাগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

এসময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি ছোরা, ভুক্তভোগীর মোবাইল ফোনসহ মোট ১১টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। মো. সাইফুল ইসলাম পটিয়া উপজেলার কোলাগাঁও এলাকার বাসিন্দা। তার বাবার নাম শামছুল আলম।

পুলিশ জানায়, গত ৬ জুলাই সকালে যাত্রীবেশে বাসে উঠে একটি ছিনতাইকারী চক্র কোতোয়ালী থানা এলাকায় ছোরা দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালী থানায় মামলা দায়ের করে। পরবর্তীতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে এবং চক্রের সদস্যদের শনাক্ত করে।

তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার পটিয়া এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি ছোরা এবং বিভিন্ন সময়ে ছিনতাই করা স্মার্টফোনগুলো উদ্ধার করা হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে মামলার বাদীর ছিনতাই হওয়া মোবাইল ফোনটিও রয়েছে। গ্রেপ্তার সাইফুল ইসলাম একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সহযোগীদের নিয়ে নগরের নিউ মার্কেট, স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় আগত ব্যবসায়ী, পথচারী ও বাসের যাত্রীদের টার্গেট করে ছিনতাই করার কথা স্বীকার করেছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার সাইফুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, চুরি, ছিনতাই এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে মোট ১৫টি মামলা রয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এমআর/এমএসএ