রাজধানীর পোস্তগোলা ব্রিজের উপরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক হুমায়ুন কবির (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। সে ডিপার্টমেন্টাল স্টোরের কর্মচারীর ছিল। এই ঘটনায় তার বন্ধু সোহেল (২২) আহত হয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে পোস্তগোলা ব্রিজের উপরে ঘটনাটি ঘটে।
পরে সকাল ছয়টার দিকে মুমূর্ষু অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক হুমায়ুন কবিরকে মৃত ঘোষণা করেন।
নিহত হুমায়ুন কবিরের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ভাওয়াল গ্রামে। বাবার নাম রহমান। বর্তমানে কলাবাগান নালিভার এলাকায় থাকতেন।
নিহত হুমায়ুন কবিরের বন্ধু আরিফুল ইসলাম বাপ্পী জানান, তারা কলাবাগান ঢালিবাড়ি এলাকায় থাকেন। হুমায়ুন একটি ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করতেন। গত রাতে তারা ১০ থেকে ১২ জন বন্ধু মিলে মোটরসাইকেল যোগে মাওয়া ঘাটে ঘুরতে যায়। সেখান থেকে আজ সকালের দিকে ঢাকায় ফেরার সময় পোস্তগোলা ব্রিজের উপর একটি ট্রাক হুমায়ুনের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে হুমায়ুন ও সোহেল রাস্তায় ছিটকে পড়ে আহত হয়। তাদের দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক হুমায়ুনকে মৃত বলে জানান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত সোহেলকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/বিআরইউ
