রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোরান এলাকায় স্বামীর বাসা থেকে সানজিদা আক্তার মারিয়া (১৮) নামে লালমাটিয়া মহিলা কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মারিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে রাত ১১টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টা ৩৫ মিনিটে মৃত ঘোষণা করেন।
নিহত মারিয়ার বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার হাতকান্দা নয়াপাড়া গ্রামে। তার বাবার নাম মো. মহসিন। বর্তমানে তিনি খিলগাঁওয়ের দক্ষিণ গোরান এলাকায় আলিয়া মাদ্রাসা স্কুলের পাশের একটি ভাড়া বাসার নিচতলায় স্বামীর সঙ্গে বসবাস করতেন। প্রায় আট মাস আগে তার বিয়ে হয়।
মারিয়ার ভাই মো. চান মিয়া জানান, শুক্রবার সন্ধ্যা থেকে মারিয়ার সঙ্গে যোগাযোগ করতে না পেরে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে মারিয়ার স্বামী সাইফুলের সঙ্গে যোগাযোগ করলে তিনি বাসায় গিয়ে খোঁজ নিতে বলেন। সেখানে গিয়ে পরিবারের সদস্যরা বাসার রান্নাঘরের পাশের বারান্দায় মারিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার গলায় একটি দাগ দেখতে পান তারা। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। জিজ্ঞাসাবাদের জন্য মারিয়ার স্বামী সাইফুলকে থানায় হেফাজতে রাখা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি পুলিশ অবগত আছে।
এসএএ/এমএসএ
