বিজ্ঞাপন

সাতক্ষীরায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

সাতক্ষীরায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

সাতক্ষীরার তালা উপজেলায় পানিতে ডুবে মো. আরাফাত হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের গাবতলা গ্রামের পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আরাফাত গাবতলা গ্রামের ইসরাইল হোসেনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে বাড়ির আঙিনায় খেলছিল আরাফাত। কিছু সময় পর তাকে আশপাশে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা কাশেম সরদারের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখতে পান। পরে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করছেন।

এদিকে, শিশুটির আকস্মিক মৃত্যুর খবরে গাবতলা গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

ইব্রাহিম খলিল/এসএএস