প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ডিএমসি ডে-২০২৬-এর উদ্বোধন করেছেন।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে তিনি আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জোবাইদা রহমান।
অনুষ্ঠানের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমান কলেজ প্রাঙ্গণে দুটি গাছের চারা (একটি অর্জুন ও একটি নিম) রোপণ করেন। পরে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এরপর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মীর সারওয়ার হোসেন চৌধুরী প্রধানমন্ত্রীকে শিক্ষার্থীদের জন্য ১৯টি আধুনিক হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকা মেডিকেল কলেজে নির্মাণাধীন দুটি ছাত্রীনিবাস সম্পর্কে অবহিত করেন।
প্রধানমন্ত্রী প্রকল্পটির অগ্রগতি এবং নতুন হোস্টেলগুলোতে শিক্ষার্থীরা কী ধরনের সুযোগ-সুবিধা পাবেন সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম. এ. মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ।
এএইচআর/এমএন
