চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে ঝোপের ভেতর থেকে ব্রাজিলে তৈরি একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্রটি আগে কোনো থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈন্যারটেক পুল এলাকার চার রাস্তার মোড়সংলগ্ন একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া পিস্তলের সঙ্গে কোনো ম্যাগাজিন পাওয়া যায়নি। অস্ত্রটির বাট প্লাস্টিকের এবং বডি লোহার তৈরি। এতে ‘TAURUS’ ও ‘MADE IN BRAZIL’ লেখা খোদাই করা রয়েছে। প্রাথমিকভাবে এটি ব্রাজিলের টরাস কোম্পানির তৈরি ৯ এমএম ক্যালিবারের একটি আধা-স্বয়ংক্রিয় পিস্তল বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের ভাষ্য, অস্ত্রটির প্রকৃত মডেল, এটি কোনো সরকারি সংস্থার বরাদ্দ করা অস্ত্র কি না এবং আগে থানা থেকে লুট হওয়া অস্ত্রের তালিকাভুক্ত কি না, তা ব্যালিস্টিক পরীক্ষা ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ারউদ্দিন বলেন, উদ্ধার হওয়া পিস্তলটি নিয়ে তদন্ত চলছে। সব দিক যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অস্ত্রটি কীভাবে সেখানে এলো, কারা ফেলে গেছে এবং এর সঙ্গে কোনো অপরাধচক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরএমএন/এসএম
