দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত উপকূলীয় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। চট্টগ্রামের বাঁশখালী ও নোয়াখালীর হাতিয়ায় জলাবদ্ধতা ও বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণসামগ্রী, শুকনা খাবার, ওষুধ ও খাবার স্যালাইন বিতরণ করেছে বাহিনীটি। কোস্ট গার্ড জানিয়েছে, দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শনিবার (১১ জুলাই) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে উদ্ধার কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণ সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায় গত ১০ জুলাই ২০২৬ কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম চট্টগ্রামের বাঁশখালীতে সপ্তাহব্যাপী চলমান প্রবল বর্ষণের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও ১১ জুলাই সকালে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক হাতিয়া থানাধীন কাটাখালী গ্রামে ক্ষতিগ্রস্ত বেশকিছু পরিবারের মধ্যে প্রয়োজনীয় ওষুধ, খাবার স্যালাইন ও শুকনা খাবার বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও উপকূলীয় এলাকায় দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানবিক সহায়তা এবং জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
এমএসি/জেডএস
