বিজ্ঞাপন

বাংলামোটরে গাছের সঙ্গে ঝুলছিল নারীর মরদেহ

বাংলামোটরে গাছের সঙ্গে ঝুলছিল নারীর মরদেহ

রাজধানীর বাংলামোটর এলাকার একটি পরিত্যক্ত বাসার গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৮ বছর। 

শনিবার (১১ জুলাই) দুপুর পৌনে একটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বলেন, আজ সকালের দিকে খবর পেয়ে ২৫ নং বাংলামোটরের কাজী নজরুল ইসলাম এভিনিউতে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির পরিত্যক্ত বাড়িতে যাই। সেখানে একটি গাছের সঙ্গে গলায় ইন্টারনেটের তার দিয়ে প্যাঁচানো ওই নারীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা এখনো ওই নারীর নাম পরিচয় জানতে পারিনি। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা প্রাথমিকভাবে সে বিষয়টি জানা যায়নি। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএএ/আরএফ/জেডএস

বিজ্ঞাপন