রাজধানীর আদাবরে অবস্থিত জাপান গার্ডেন সিটিতে কয়েকদিনের বিদ্যুৎ বিভ্রাটের মূল কারণ ছিল আবাসনটির নিজস্ব ৩৩/১১ কেভি উপকেন্দ্রের কারিগরি ত্রুটি। ডিপিডিসি জানিয়েছে, গ্রাহক প্রান্তের ট্রান্সফর্মার ও ১১ কেভি বাসবারে ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছিল। প্রয়োজনীয় মেরামত ও পরীক্ষা-নিরীক্ষা শেষে বর্তমানে পুরো আবাসনেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।
শনিবার (১১ জুলাই) এক বার্তায় প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।
বার্তায় বলা হয়, এনওসিএস আদাবরের আওতাধীন জাপান গার্ডেন সিটি একটি ৩৩ কেভি ভোল্টেজের আবাসিক গ্রাহক, যার অনুমোদিত লোড ৯ হাজার ৪০০ কিলোওয়াট। আবাসনটিতে ২৬টি আবাসিক ভবনের পাশাপাশি ‘টোকিও স্কয়ার’ নামে একটি শপিং মল রয়েছে। ডিপিডিসি ৩৩ কেভি লাইনের মাধ্যমে উপকেন্দ্রের ইনকামিং পয়েন্ট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করলেও উপকেন্দ্রের অভ্যন্তরীণ ট্রান্সফর্মার, বাসবার, সার্কিট ব্রেকার ও বিতরণব্যবস্থার রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষের।
গত ৭ জুলাই রাত ৩টা ৩১ মিনিটে গ্রাহকের নিজস্ব উপকেন্দ্রে ১১ কেভি ইনকামিং ব্রেকার ফ্ল্যাশিংয়ের ঘটনা ঘটে এবং ফিডার ট্রিপ করে। এ সময় ডিপিডিসি জরুরি ভিত্তিতে শাটডাউন ও বিকল্প উৎস থেকে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চালালেও গ্রাহক প্রান্তের ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। পরে যৌথ পরিদর্শনে ১১ কেভি বাসবারে অতিরিক্ত কার্বন ও আর্দ্রতা এবং টি-১ ট্রান্সফর্মারে ত্রুটি শনাক্ত করা হয়।
বার্তায় আরও বলা হয়, বিদ্যুৎ বিভ্রাটের মূল কারণ ছিল জাপান গার্ডেন সিটির নিজস্ব ১০/১৪ এমভিএ ক্ষমতার ৩৩/১১ কেভি ট্রান্সফর্মার বিকল হওয়া এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতিতে কারিগরি সমস্যা দেখা দেওয়া। পরিস্থিতি মোকাবিলায় ডিপিডিসি জরুরি সভা করে এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজের নির্দেশনায় একটি বিশেষায়িত প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়। একইসঙ্গে ডিপিডিসির নিজস্ব জনবল উপকেন্দ্রের প্রয়োজনীয় কারিগরি কাজ সম্পন্ন করে।
পরে গ্রাহক কর্তৃপক্ষের নিয়োজিত প্রতিষ্ঠানের পরীক্ষার রিপোর্ট ও আবেদনের ভিত্তিতে ৯ জুলাই রাত ১১টায় ৩৩/১১ কেভি ট্রান্সফর্মার সফলভাবে চালু করা হয়।
ডিপিডিসি জানায়, ট্রান্সফর্মার চালুর পর অধিকাংশ ভবনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও জাপান গার্ডেন সিটির নিজস্ব একটি ১১ কেভি ফিডারে অভ্যন্তরীণ ত্রুটি থাকায় কয়েকটি ভবনে সংযোগ দিতে বিলম্ব হয়। শেষ পর্যন্ত শুক্রবার (১০ জুলাই) রাত ৮টা ২ মিনিটে পুরো আবাসনে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক করা হয়।
বার্তায় বলা হয়, গ্রাহক প্রান্তে ৩৩ কেভি প্রটেকশন সিস্টেম না থাকায় বড় ধরনের যেকোনো ত্রুটি ডিপিডিসির বিদ্যুৎ ব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষকে নিজস্ব উপকেন্দ্র ও সংশ্লিষ্ট যন্ত্রপাতির নিয়মিত রক্ষণাবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।
ওএফএ/আরএফ/জেডএস
