বিজ্ঞাপন

প্রতি বছর ১ লাখ বেকারের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবে আস-সুন্নাহ

প্রতি বছর ১ লাখ বেকারের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবে আস-সুন্নাহ

২০৩০ সালের মধ্যে প্রতি বছর ১ লাখ বেকার তরুণ-তরুণীকে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্য নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। একইসঙ্গে দেশীয় ও বৈশ্বিক কর্মবাজারে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কাজ করবে সংগঠনটি।

দেশের শীর্ষ গণমাধ্যমের সম্পাদক, সংবাদ প্রধান, বিপণন প্রধান, নীতি-নির্ধারক এবং বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে ‘মিডিয়া কানেক্ট সামিট’-এ তথ্য জানান ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার সাব্বির আহম্মদ।

শনিবার সকালে রাজধানীর আফতাবনগরে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে ‘মিডিয়া কানেক্ট সামিট অনুষ্ঠিত হয়। এ সময় গণমাধ্যমের সঙ্গে কার্যকর যোগাযোগ, পারস্পরিক মতবিনিময় এবং ফাউন্ডেশনের চলমান সেবামূলক ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা দেওয়া হয়।

সামিটে অংশগ্রহণকারী অতিথিরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধীন পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র, ফ্রি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার, নারী স্কিল ডেভেলপমেন্ট সেন্টারসহ বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। তারা প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণ কার্যক্রম, ল্যাব ও শিক্ষার পরিবেশ ঘুরে দেখেন।

ফাউন্ডেশনের হেড অব কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফরিদ খান বলেন, দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০২২ সালে প্রতিষ্ঠা করা হয় ফাউন্ডেশনের অঙ্গপ্রতিষ্ঠান আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। প্রতিষ্ঠার পর থেকেই এটি তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষাকে সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়া, বেকারত্ব হ্রাস এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশনের বহুমাত্রিক কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমের সঙ্গে সরাসরি পরিচয়, মতবিনিময় এবং বাস্তব কার্যক্রম তুলে ধরতেই ‘মিডিয়া কানেক্ট সামিট’-এর আয়োজন করা হয়েছে।

ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার সাব্বির আহম্মদ জানান, ২০২৫ সালে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে ২ হাজার ১৭৯ জন তরুণ-তরুণীকে দক্ষতা-ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্তরা এক বছরের মধ্যেই সম্মিলিতভাবে ৪২ কোটিরও বেশি টাকা আয় করতে সক্ষম হয়েছেন। বর্তমানে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে ১৪টি কর্মমুখী প্রশিক্ষণ কোর্স পরিচালিত হচ্ছে এবং সময়োপযোগী নতুন কোর্স চালুর কার্যক্রমও চলমান রয়েছে।

তিনি আরও বলেন, ফাউন্ডেশনের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে প্রতি বছর এক লাখ বেকার তরুণ-তরুণীকে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং দেশীয় ও বৈশ্বিক কর্মবাজারে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

পরিদর্শন শেষে অতিথিদের সামনে ফাউন্ডেশনের শিক্ষা, মানবিক সেবা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানভিত্তিক বিভিন্ন উদ্যোগ নিয়ে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরবর্তীতে আয়োজিত মুক্ত প্রশ্নোত্তর পর্বে অতিথিরা ফাউন্ডেশনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, প্রশিক্ষণের প্রভাব, কর্মসংস্থান মডেল এবং সম্প্রসারণ কৌশল বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। ফাউন্ডেশনের দায়িত্বশীলরা এসব প্রশ্নের বিস্তারিত উত্তর প্রদান করেন এবং অংশগ্রহণকারীদের মূল্যবান মতামত ও পরামর্শকে ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।

উল্লেখ্য, আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও সরকারি নিবন্ধনপ্রাপ্ত দাতব্য সংস্থা। ২০১৭ সালে শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশন শিক্ষা, মানবিক সহায়তা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং দাওয়াহ কার্যক্রমের মাধ্যমে দেশজুড়ে মানুষের কল্যাণে কাজ করে আসছে।

এনটি