বিজ্ঞাপন

২ হাজার প্যাকেট রান্না খাবার নিয়ে পানিবন্দি মানুষের পাশে নৌবাহিনী

২ হাজার প্যাকেট রান্না খাবার নিয়ে পানিবন্দি মানুষের পাশে নৌবাহিনী

চট্টগ্রামে টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও সমুদ্রের অস্বাভাবিক জোয়ারে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতায় পানিবন্দি মানুষের মধ্যে ২ হাজার প্যাকেট রান্না করা খাবার বিতরণ করেছে নৌবাহিনী। 

শনিবার (১১ জুলাই) নগরের পতেঙ্গা এলাকার বিভিন্ন স্থানে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

নৌবাহিনী জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও অস্বাভাবিক জোয়ারের কারণে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যে চট্টগ্রামের বিভিন্ন নিম্নাঞ্চলের হাজারো মানুষ পানিবন্দি হয়ে দুর্ভোগে রয়েছেন।

এ অবস্থায় শনিবার নৌবাহিনীর একটি দল পতেঙ্গা থানার বিজয়নগর, আকমল আলী রোড, নিউ মুরিং মাদ্রাসা, নারিকেলতলা ও নেভি হাসপাতাল গেট এলাকায় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরে পানিবন্দি পরিবারগুলোর মধ্যে ২ হাজার প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়।

নৌবাহিনীর কর্মকর্তারা জানান, মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে বন্যাকবলিত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এমআর/জেডএস