চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণহানি বন্ধ, জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কার্যকর উদ্যোগ এবং বন্যাকবলিত এলাকায় দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) চট্টগ্রাম জেলা শাখা। শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা নিশ্চিত করারও দাবি জানিয়েছে দলটি।
শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় নগরের নিউমার্কেট মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ চট্টগ্রাম জেলা ইনচার্জ আল কাদেরী জয়। বক্তব্য দেন জেলা সদস্য হেলাল উদ্দিন কবির, জুবায়ের বীনা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন ও স্কুলবিষয়ক সম্পাদক উম্মে হাবিবা শ্রাবণী। সমাবেশ পরিচালনা করেন জেলা সদস্য আহমদ জসিম।
সমাবেশে বক্তারা বলেন, গত এক সপ্তাহের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে পাহাড় ধস এবং জেলার বিভিন্ন এলাকায় বন্যায় প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে। এত প্রাণহানির পরও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ দেখা যাচ্ছে না। প্রতি বছর পাহাড় ধসে মানুষ মারা গেলেও ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না।
তারা বলেন, পাহাড় কাটার বিরুদ্ধে আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ নেই। ভূমিদস্যু ও প্রভাবশালী সিন্ডিকেট অবাধে পাহাড় কেটে মুনাফা করছে। অন্যদিকে দরিদ্র মানুষ বাধ্য হয়ে পাহাড়ের পাদদেশে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে।
বক্তারা আরও বলেন, নিয়মিত নালা, নর্দমা, ড্রেন ও খাল পরিষ্কার না করায় প্রতিবছর বর্ষা মৌসুমে চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। প্রতিবছর হাজার কোটি টাকার বাজেট হলেও চসিক ও সিডিএর কার্যকর উদ্যোগের অভাবে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তারা অভিযোগ করেন, অতিভারী বৃষ্টিতে সাতকানিয়া, বাঁশখালী, লোহাগড়া, চকরিয়া ও পেকুয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। লাখো মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। দুর্গত এলাকায় দ্রুত ত্রাণ, খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।
সমাবেশ থেকে নেতারা দুর্যোগ মোকাবিলায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আরএমএন/জেডএস
