চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি তার নৈতিক অঙ্গীকার।
মানুষের কষ্ট লাঘবে সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
শনিবার (১১ জুলাই) বিকেলে নগরের দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের হোসেন পুকুরপাড় এলাকায় বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাঈদ আল নোমান বলেন, যেখানে মানুষের কষ্ট, সেখানেই আমার দায়বদ্ধতা। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি আমার নৈতিক অঙ্গীকার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান নিয়মিত চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন। প্রধানমন্ত্রীর নির্দেশেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী চট্টগ্রামে এসে ত্রাণ বিতরণসহ দুর্যোগ মোকাবিলার কার্যক্রম সমন্বয় করছেন।
সংসদ সদস্য বলেন, দুর্যোগের এই সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষকেও এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দুর্গত মানুষের দুর্ভোগ অনেকাংশে কমানো সম্ভব।
তিনি আরও বলেন, জলাবদ্ধতা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আরএমএন/এমএসএ
