বিজ্ঞাপন

চট্টগ্রামে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ দেবে সিভাসু

চট্টগ্রামে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ দেবে সিভাসু

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ কার্যক্রম শুরু করছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)। প্রথম ধাপে রোববার (১২ জুলাই) বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় রান্না করা খাবার, শুকনো খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, ওষুধ এবং গবাদিপ্রাণীর জন্য খাদ্য ও চিকিৎসাসামগ্রী বিতরণ করা হবে।

শনিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা মারাত্মকভাবে প্লাবিত হয়েছে। এতে সাধারণ মানুষ ও গবাদিপ্রাণী চরম দুর্ভোগে পড়েছে। খাবার, বিশুদ্ধ পানীয় জল, স্যানিটেশন ও চিকিৎসাসেবার সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় এক সপ্তাহব্যাপী ত্রাণ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

ত্রাণ কার্যক্রমে রান্না করা খাবার, শুকনো খাদ্য, ওষুধ, বিশুদ্ধ পানীয় জল এবং গবাদিপ্রাণীর খাদ্য ও চিকিৎসাসামগ্রী বিতরণ করা হবে। এ কার্যক্রমে সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী শিক্ষার্থী সংগঠন।

এ কর্মসূচির প্রস্তুতি উপলক্ষ্যে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ত্রাণ কার্যক্রম বাস্তবায়নের জন্য কয়েকটি উপকমিটি গঠন করা হয়। সভায় বহিরাঙ্গন কার্যক্রম পরিচালক অধ্যাপক ড. এ কে এম সাইফুদ্দিন, পিআরটিসির পরিচালক অধ্যাপক ড. এ কে এম হুমায়ুন কবিরসহ বিভিন্ন শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী শিক্ষার্থী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষক সমিতি, অফিসার সমিতি এবং বিভিন্ন শিক্ষার্থী সংগঠনের সমন্বয়ে এ ত্রাণ কার্যক্রম পরিচালিত হবে।

এমআর/এমএসএ 

বিজ্ঞাপন