বিজ্ঞাপন

যাত্রাবাড়ীতে বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করে স্বর্ণালংকার-টাকা লুট

যাত্রাবাড়ীতে বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করে স্বর্ণালংকার-টাকা লুট

রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা দনিয়া এলাকায় শাহিদা বেগম (৬৮) নামে এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করে বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনা ঘটেছে।

রোববার (১২ জুলাই) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৭টার মধ্যে যেকোনো সময় দনিয়া কলেজ এলাকায় অনাবিল হাসপাতাল রোডের নির্মাণাধীন ৭ তলা ভবনের পশ্চিম পাশের ফ্ল্যাট থেকে ওই বৃদ্ধা নারীকে হত্যা করা হয়ে থাকতে পারে। তার গলায় ধারালো অস্ত্রের একটি আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এটি ডাকাতি না দস্যুতা ঘটনার বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা এমন প্রশ্নের জবাবে ওসি মোহাম্মদ রাজু বলেন, বাসা আমরা এলোমেলো পেয়েছি। এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে কিছুই বলা যাচ্ছে না আমরা বিভিন্ন বিষয় চিন্তা করে তদন্ত করছি এবং আমাদের কয়েকটি টিম অভিযান পরিচালনা করছে। সিআইডির ফরেনসিক টিম আলামত সংগ্রহ করেছে।

পুলিশের একটি সূত্র থেকে জানা যায়, যাত্রাবাড়ী দনিয়া এলাকার অনাবিল হাসপাতাল রোডের নির্মাণাধীন ভবনের ৭ তলার পশ্চিম পাশের ফ্ল্যাটে ভাড়া থাকতেন সাহিদা বেগম। বিকেল থেকে সন্ধ্যার পর যে কোনো সময় অজ্ঞাত খুনিরা তার বাসায় প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে হত্যা করে তার বাসায় থাকা স্বর্ণের দুই সেট কানের দুল, একটি গলার চেইন ও ৫০০০ টাকা লুট করে নিয়ে যায়। নিহত ওই নারীর বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার সীতলাই গ্রামে। তিনি মৃত শফিকুল ইসলাম সরকারের স্ত্রী ছিলেন।

এসএএ/এমএন