বিজ্ঞাপন

অতিবৃষ্টিতে সুপ্তধারা ঝরনায় আটকে ৪ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনে উদ্ধার

অতিবৃষ্টিতে সুপ্তধারা ঝরনায় আটকে ৪ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনে উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্কের সুপ্তধারা ঝরনায় আটকে পড়া চার শিক্ষার্থীকে উদ্ধার করেছে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ফায়ার সার্ভিস অভিযান চালিয়ে তাদের নিরাপদ স্থানে নিয়ে যায়।

রোববার (১২ জুলাই) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আব্দুল আলম নামে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন শোলকবহর থেকে তার ছোট ভাই সাকিব (২২) ও তিন বন্ধু সীতাকুণ্ড ইকোপার্কে ঘুরতে যান। সুপ্তধারা ঝরনা থেকে ফেরার পথে অতিবৃষ্টিতে পাহাড়ি ঝিরিপথ প্লাবিত হয়ে গেলে পথ হারিয়ে তারা চারজন আটকা পড়েন। তারা সবাই চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

তিনি আরও বলেন, খবর পেয়ে ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। ৯৯৯-এর কলটি রিসিভ করেন কলটেকার এএসআই শরিফুল ইসলাম। আর উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করেন ৯৯৯-এর ফায়ার ডিস্পাচার ফায়ার ফাইটার মো. আলতাফ হোসেন।

পরে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল প্রবল বৃষ্টির মধ্যে প্রায় ৩ কিলোমিটার পাহাড়ি ঝিরিপথ হেঁটে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর রাত ৮টা ১০ মিনিটে সুপ্তধারা ঝরনায় আটকে থাকা চার শিক্ষার্থীকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের লিডিং অফিসার মোতিরায় লাল ত্রিপুরা উদ্ধার অভিযানের বিষয়টি ৯৯৯-কে নিশ্চিত করেছেন।

এমএসি/আরএফ/এসএম